সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সেখানে তার সহকর্মী ২৭ বছর বয়সী এক তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করলে বিচারক পলাশ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে পলাশ আলীকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘তানোরের ওই কমিটির বিষয়ে আমি বিস্তারিত অবগত নই। তবে ঘটনাটি জানার পর তানোর উপজেলার নেতাদের জানানো হয়েছে। তারা যাচাই-বাছাই করে সঠিক তথ্য জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’





















