কাজ শেষের আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকার বিল পরিশোধ ডিএনসিসির
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সড়কবাতির দুটি প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আকরাম খানের মালিকানাধীন প্রোটেস্টার লিমিটেডকে ১০ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ২১৮ টাকার বিল অনুমোদনের নথিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়কর ও ভ্যাট বাদ দেওয়ার পর প্রতিষ্ঠানটিকে নিট ৯ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৯৪৭ টাকা পরিশোধ করা হয়েছে। ডিএনসিসির নথিতে অঞ্চল-৫-এর প্রকল্পে কাজের ভৌত অগ্রগতি দেখানো হয়েছে মাত্র ২৯ শতাংশ। এ ছাড়া দরপত্রে অভিজ্ঞতার শর্ত পূরণে অসম্পন্ন কাজের সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
ডিএনসিসির বিদ্যুৎ বিভাগ থেকে সড়কবাতির দুটি কাজ পেয়েছে প্রোটেস্টার লিমিটেড। প্রকল্প দুটির মোট দর ৩৫ কোটি ৩৯ লাখ টাকা। এর মধ্যে একটি অঞ্চল-৩-এর আওতাধীন এবং অন্যটি অঞ্চল-৫-এর আওতাধীন বিভিন্ন সড়কে বাতির খুঁটি, স্মার্ট এলইডি লাইট ও প্রযুক্তি সরঞ্জাম সরবরাহের কাজ।
ডিএনসিসির নথি অনুযায়ী, গত ৩০ জুন কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প দুটির বিলের ফাইলে স্বাক্ষর করেন সংশ্লিষ্টরা। তবে প্রকল্পের মালামাল ও কাজ সম্পূর্ণ বুঝে পাওয়ার আগেই বিল পরিশোধের প্রক্রিয়া শুরু হয়। একই সঙ্গে সড়কবাতি প্রকল্পের মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে ডিএনসিসি ও স্থানীয় সরকার বিভাগের ১০ কর্মকর্তার চীন সফরের অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত পরিবারের সদস্যসহ মোট ২২ জন ওই সফরে যান।
প্রোটেস্টার লিমিটেডের দরপত্রে অভিজ্ঞতার সনদ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। দরপত্রের শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে আগে সফলভাবে সম্পন্ন করা কাজের অভিজ্ঞতা দেখাতে হতো। কিন্তু প্রোটেস্টার দুই দরপত্রেই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) একটি অসম্পন্ন কাজের সনদ জমা দেয়। পরে ডিএনসিসির অন্য একটি সাধারণ কাজের সনদ ব্যবহার করে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়।
অঞ্চল-৩-এর দরপত্রে অভিজ্ঞতার শর্ত নিয়ে প্রশ্ন
মহাখালী ফ্লাইওভার থেকে জাহাঙ্গীর গেট এবং অঞ্চল-৩-এর আওতাধীন বিভিন্ন সড়কে বাতির খুঁটি ও স্মার্ট এলইডি লাইট সরবরাহের জন্য ২০২৫ সালের ২৫ আগস্ট ১৪ কোটি ২০ লাখ টাকার দরপত্র আহ্বান করে ডিএনসিসি। নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম দরপত্রটি আহ্বান করেন। এতে অংশ নেয় প্রোটেস্টার লিমিটেড, এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড ও সালেক পাওয়ার লিমিটেড।
দরপত্রের শর্ত অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছরের সাধারণ অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি গত ১০ বছরের মধ্যে একটি চুক্তির আওতায় অন্তত ১০ কোটি ৮ লাখ টাকার কাজ সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রতি বছর ২৩৫টি ডেকোরেটিভ পোল বা সৌন্দর্যবর্ধক বাতির খুঁটি এবং ৩৯৫টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট সরবরাহ বা উৎপাদনের সক্ষমতা থাকার শর্ত দেওয়া হয়।
প্রোটেস্টার লিমিটেড দরপত্রের সঙ্গে রাসিকের ১৬ কোটি ৫৮ লাখ টাকার একটি কাজের চুক্তি জমা দেয়। নথি অনুযায়ী, ২০২২ সালের ৩১ মে শুরু হওয়া কাজটির মেয়াদ ছিল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ দরপত্র জমা দেওয়ার সময়ও কাজটি চলমান ছিল। ফলে শর্ত অনুযায়ী সফলভাবে সম্পন্ন করা কাজের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ছিল না।
এ ঘটনায় সরকারি ক্রয় বিধিমালা-২০০৮ (পিপিআর)-এর বিধি ১১৮ লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ বিষয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (পিপিএ) বিধি অনুযায়ী কাজ দেওয়ার নির্দেশ দেয়। তবে অভিযোগ অনুযায়ী, সেই নির্দেশ এবং দরদাতাদের জন্য নির্দেশনার ১৫.১ (বি) ধারা অনুসরণ না করে ডিএনসিসির ১৪ কোটি ৩৫ লাখ টাকার একটি সাধারণ কাজের সনদ ব্যবহার করা হয়।
ওই সনদের ভিত্তিতে ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সাইফুল ইসলামের দপ্তর থেকে ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রোটেস্টারকে কার্যাদেশ দেওয়া হয়। পরে ৪ ডিসেম্বর ১৪ কোটি ২০ লাখ টাকার চুক্তি হয়।
অঞ্চল-৫-এর দরপত্রেও অসম্পন্ন কাজের সনদ
অঞ্চল-৫-এর আওতায় ২০২৫ সালের ২৫ আগস্ট ২১ কোটি ১৯ লাখ টাকার আরেকটি দরপত্র আহ্বান করেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম মিয়া। জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট, বিজয় সরণি, খেজুর বাগান এবং বিমানবন্দর থেকে খামারবাড়ি ও মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ডেকোরেটিভ লাইট পোল ও প্রযুক্তি সরঞ্জাম সরবরাহের জন্য দরপত্রটি আহ্বান করা হয়।
এ দরপত্রে একমাত্র অংশগ্রহণকারী ছিল প্রোটেস্টার লিমিটেড। এখানে এককভাবে ১৫ কোটি ৫ লাখ টাকার কাজ সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। কিন্তু এ ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি রাসিকের অসম্পন্ন কাজের সনদ জমা দেয়। পরে আগের মতো ডিএনসিসির সাধারণ কাজের সনদ ব্যবহার করে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। এ প্রকল্পের চুক্তিও হয় ৪ ডিসেম্বর।
দরপত্র প্রক্রিয়া নিয়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘দরপত্র থেকে মালামাল গ্রহণ পর্যন্ত সব বিষয় আইনি প্রক্রিয়া মেনে হওয়ার কথা। প্রশ্ন উঠলে করপোরেশন থেকে আবার যাচাই করে দেখা হবে।’
মালামাল বুঝে পাওয়ার আগেই দুই প্রকল্পের বিল পরিশোধ
অঞ্চল-৫-এর ২১ কোটি ১৯ লাখ টাকার প্রকল্পে প্রোটেস্টার লিমিটেডকে প্রথম ও চলতি বিল বাবদ ৬ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৯৫৮ টাকা অনুমোদনের প্রস্তাব তৈরি করা হয়। প্রকল্পের সরেজমিন অগ্রগতি ও মালামাল শতভাগ বুঝে পাওয়ার আগেই ঠিকাদারের অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু হয়।
বিল থেকে ৫ শতাংশ আয়কর বাবদ ৩০ লাখ ২৭ হাজার ৩৯৮ টাকা এবং ১০ শতাংশ ভ্যাট বাবদ ৫৫ লাখ ৪ হাজার ৩৬০ টাকা কেটে রাখা হয়। মোট ৮৫ লাখ ৩১ হাজার ৭৫৮ টাকা বাদ দেওয়ার পর নিট ৫ কোটি ২০ লাখ ১৬ হাজার ২০০ টাকা পরিশোধের ভাউচার তৈরি করা হয়। যমুনা ব্যাংক পিএলসির উত্তরা শাখায় প্রোটেস্টার লিমিটেডের ১০***৩৫৪ নম্বর অ্যাকাউন্টে এ অর্থ পরিশোধ করে ডিএনসিসি।
নথিতে প্রকল্পটির ভৌত অগ্রগতি দেখানো হয়েছে ২৯ শতাংশ। মালামাল ও কাজ সম্পূর্ণ বুঝে না পেয়েই ৬ কোটি টাকার বেশি বিলের ফাইলে স্বাক্ষর করেন একাধিক কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম মিয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
দরপত্র প্রক্রিয়া ও মালামাল ঠিকাদারের হেফাজতে থাকার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম মিয়া তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন।
অন্যদিকে, অঞ্চল-৩-এর ১৪ কোটি ২০ লাখ টাকার প্রকল্পে প্রথম ও চলতি বিল বাবদ ৪ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ২৬০ টাকা অনুমোদনের প্রস্তাব তৈরি করা হয়। এ বিল থেকে ৫ শতাংশ আয়কর বাবদ ২৩ লাখ ১৯ হাজার ৭৬৩ টাকা এবং ১০ শতাংশ ভ্যাট বাবদ ৪২ লাখ ১৭ হাজার ৭৫১ টাকা কেটে রাখা হয়। মোট ৬৫ লাখ ৩৭ হাজার ৫১৪ টাকা বাদ দেওয়ার পর নিট ৩ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৭৪৭ টাকা পরিশোধের ভাউচার তৈরি করা হয়। যমুনা ব্যাংক পিএলসির উত্তরা শাখায় প্রোটেস্টারের ১০***৩৫৪ নম্বর অ্যাকাউন্টে এ অর্থও পরিশোধ করা হয়।
এই বিলের ফাইলেও মালামাল ও কাজ সম্পূর্ণ বুঝে না নিয়েই স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মধ্যে রয়েছেন নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অন্যরা। এ বিলের অঙ্ক ৪ কোটি ৬৩ লাখ টাকার বেশি।
এ বিষয়ে ডিএনসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মালামাল রাখার জায়গা নেই। মালামাল ঠিকাদারের হেফাজতে আছে। এখন ইলেকট্রিক পোলের ঢালাইয়ের কাজ চলছে। কাজ শেষ হলে দ্রুত স্থাপন করা হবে।’
মালামাল ঠিকাদারের হেফাজতে রাখার অনুমতিপত্র আছে কি না, জানতে চাইলে তিনি ‘না’ সূচক উত্তর দেন।
ডিএনসিসির বিদ্যুৎ বিভাগে এক পদের বিপরীতে দুই প্রকৌশলী
ডিএনসিসির অর্গানোগ্রাম অনুযায়ী, বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলীর পদ একটি। তবে প্রায় পাঁচ বছর ধরে ওই একটি পদের বিপরীতে দুজনকে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে মাহবুবা আখতার দায়িত্বে থাকার পরও ২০২১ সালের ৮ নভেম্বর অঞ্চল-২-এর সহকারী প্রকৌশলী আব্দুর রহিম মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তৎকালীন মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
তখন দায়িত্বটিকে সাময়িক হিসেবে উল্লেখ করা হয়। আদেশে বলা হয়েছিল, এ দায়িত্বের কারণে তিনি পদোন্নতি বা স্থায়ীকরণের দাবি করতে পারবেন না। অর্গানোগ্রামের বাইরে আরেকজন নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছিলেন তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম।
২০২৪ সালের জুনে নির্বাহী প্রকৌশলী মাহবুবা আখতারকে মূল দায়িত্ব থেকে সরিয়ে ডিএনসিসির প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলে সংযুক্ত করা হয়। একই সময়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের পাশাপাশি বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এরপর ২০২৫ সালের ১৭ মার্চ তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ ওই দুজনকে নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বের পাশাপাশি আরও কয়েকটি অঞ্চলের অতিরিক্ত দায়িত্ব দেন। একটি পদের বিপরীতে দুজনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘কাজের সুবিধার্থে একটি পদের বিপরীতে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
সপরিবারে কর্মকর্তাদের চীন সফর
সরকারি প্রকল্পের অর্থে বিদেশ সফর বন্ধে সরকারের নির্দেশনা রয়েছে। এর মধ্যেই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার জারি করা এক আদেশে ডিএনসিসি ও স্থানীয় সরকার বিভাগের মোট ১০ কর্মকর্তার চীন সফরের অনুমোদনের তথ্য পাওয়া যায়।
সফরের কারণ হিসেবে ‘স্মার্ট এলইডি স্ট্রিট লাইট অ্যান্ড ডেকোরেটিভ পোল’-এর ‘ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট’ (এফএটি) ও প্রযুক্তি হস্তান্তর প্রশিক্ষণে অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়। কারখানায় তৈরি পণ্য গ্রহণের আগে তার মান ও কার্যকারিতা পরীক্ষা করাকে ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট বলা হয়।
সফরের তালিকায় ছিলেন ডিএনসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলম, ডিএনসিসির হিসাব নিরীক্ষা কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জিসান বিন মাজেদ। এ ছাড়া ছিলেন ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী-১ মো. সাইফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুর রহিম মিয়া। তালিকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের আরও তিনজন সহকারী প্রকৌশলী ও একজন উপসহকারী প্রকৌশলী ছিলেন।
আদেশে বলা হয়, ২০২৬ সালের ১২ থেকে ১৮ এপ্রিল অথবা নিকটবর্তী সুবিধাজনক সময়ে সাত দিনের এ সফর অনুষ্ঠিত হবে। যাতায়াত ও অবস্থানকালীন সময়কে কর্মকাল হিসেবে গণ্য করা হবে এবং সফরকারীরা দেশীয় মুদ্রায় বেতন-ভাতা পাবেন। সফরের যাবতীয় ব্যয় বহন করার কথা সরবরাহকারী ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘জিয়াংসু সিশিন ইলেকট্রিক গ্রুপ কোম্পানি লিমিটেড’ এবং ‘জেজিয়াং হংইউয়ান লাইটিং গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর। আদেশে উল্লেখ করা হয়, সরকার বা ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সরাসরি কোনো অর্থ দিতে হবে না।
ডিএনসিসি সূত্রের দাবি, ১০ জনের সফরের অনুমতি থাকলেও দুই দফায় পরিবারের সদস্যসহ মোট ২২ জন চীনে যান। প্রথম দফায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা আব্দুর রহিম মিয়া, উপসহকারী প্রকৌশলী রিয়াজ উদ্দিন ও সহকারী প্রকৌশলী আমিনুর রহমানসহ ছয়জন সফরে যান।
দ্বিতীয় দফায় যান ১৬ জন। তাঁদের মধ্যে সপরিবারে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শফিউল আলম, ডিএনসিসির হিসাব নিরীক্ষা কর্মকর্তা ও প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জিসান বিন মাজেদ।
ডিএনসিসি সূত্রের অভিযোগ, দরপত্রে অনিয়ম ও কাজ শেষ হওয়ার আগে বিল ছাড়ের বিষয়টি আড়াল করতে এ সফরের আয়োজন করা হয়। সামগ্রিক বিষয়ে জানতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে প্রোটেস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকরাম খান অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, সিটি করপোরেশন মালামাল রাখার জায়গা না দেওয়ায় সেগুলো নিজেদের তত্ত্বাবধানে রাখতে হয়েছে। তিনি আরও বলেন, নিয়ম মেনেই প্রতিষ্ঠানটির প্রথম বিল পরিশোধ করেছে ডিএনসিসি।






















