দল চাইলে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তিনি। দলের অন্য কাউকে প্রার্থী করা হলেও তাকে জেতাতে কাজ করবেন বলে মন্তব্য করেছেন ইশরাক।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৭ সালে মেয়র পদে নির্বাচন করার অভিজ্ঞতা তার রয়েছে।
তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনীত করে, সে ক্ষেত্রেও ওই প্রার্থীকে জেতানোর জন্য তিনি শতভাগ প্রস্তুত আছেন।
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্কের মধ্যে এদিন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান ইশরাক। তিনি বলেন, তার কর্মকাণ্ডের কারণে সরকারের কার্যক্রম যেন ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইশরাক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তার আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি। তবে পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।






















