পল্লবীর মাটিতে সন্ত্রাসের সাম্রাজ্য
রাজনীতির ময়দানে গিরগিটিকেও হার মানিয়েছেন—এমন অভিযোগ রয়েছে শুটার হোয়াইট বাবুর বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে এসেছে, অতীতে যুবলীগের ক্ষমতার দাপটে পল্লবী কাঁপানো এই ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা থাকার দাবি রয়েছে।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাবু দ্রুত নিজের রাজনৈতিক পরিচয় বদলে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন—এমন অভিযোগ স্থানীয় একাধিক সূত্রের। অভিযোগ রয়েছে, নতুন এই রাজনৈতিক পরিচয়ের আড়ালে তার অনুসারীরা পল্লবী ১১ নম্বরের মোহাম্মাদিয়া মার্কেট, ভাসানী মোড় হয়ে মিল্লাত ক্যাম্প পর্যন্ত বিস্তৃত ফুটপাতের নিয়ন্ত্রণ নেয়। শত শত দোকানদারকে জিম্মি করে সেখানে কোটি টাকার চাঁদাবাজির একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
অনুসন্ধানের সূত্র ধরে পৌঁছানো যায় মিল্লাত ক্যাম্পের অন্ধকার গলিতে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সেখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মাদকের কেনাবেচা চলে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে অভিযোগ করা হচ্ছে, ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিদের সঙ্গে শুটার হোয়াইট বাবুর সরাসরি যোগাযোগ রয়েছে এবং মাদক ব্যবসার নিরাপত্তা ও আর্থিক লভ্যাংশের একটি অংশ তার নিয়ন্ত্রণে।
মাঠপর্যায়ে এই নেটওয়ার্ক দেখভালের দায়িত্বে বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উঠে এসেছে কুখ্যাত ক্যাডার আদনানের নাম। অনুসন্ধানে পাওয়া তথ্য ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবিতে বলা হচ্ছে, আদনান অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী কর্মী হিসেবে সক্রিয় ছিল। পরবর্তীতে বাবুর মতোই রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।
আরও গুরুতর অভিযোগ হলো—বাবুর কথিত কিলিং মিশনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র আদনানের গোপন আস্তানায় রাখা হয়। একই সঙ্গে বাবুর চাঁদাবাজি ও মাদক ব্যবসা থেকে আসা অর্থের মূল ক্যাশিয়ার হিসেবেও আদনান কাজ করে বলে দাবি করেছেন কয়েকটি ঘনিষ্ঠ সূত্র।
অভিযোগগুলো সত্য হলে, পল্লবীর এই কথিত নেটওয়ার্কের পেছনে রাজনৈতিক পরিচয় পরিবর্তন, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র—সবকিছুরই একটি সংঘবদ্ধ যোগসূত্র রয়েছে। আর সেই নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বারবার সামনে আসছে শুটার হোয়াইট বাবুর ঘনিষ্ঠ সহযোগী আদনানের নাম।





















